রাজশাহীর গোদাগাড়ীতে ধর্ষণ মামলায় কারাগারে সোহেল

​নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ​আত্মীয়তার বিশ্বাস আর ভালোবাসার সুযোগ নিয়ে এক তরুণীর জীবন অন্ধকারে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। 

 

বিয়ের রঙিন স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্কের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কৌশলে গর্ভপাত ঘটানো হয় ওই তরুণীর। রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঠাঁই হয়েছে কারাগারে।

 

​ভুক্তভোগী মোছা. পলি খাতুন (২৯) গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত মো. সোহেল রানা (৩৭) সম্পর্কে তাঁর ফুফাতো ভাই। পারিবারিক ঘনিষ্ঠতার সুবাদে পলির বাড়িতে অবাধ যাতায়াত ছিল সোহেলের। সেই সুযোগটিকেই কাজে লাগান তিনি। আর্থিক প্রলোভন আর বিয়ের আশ্বাসে পলির মনে জায়গা করে নেন সোহেল, গড়ে তোলেন প্রেমের সম্পর্ক।

 

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১৬ মে সকাল ১১টা পর্যন্ত পলির নিজ বাড়িতেই বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান সোহেল রানা। একপর্যায়ে পলি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বদলে যায় সোহেলের রূপ। স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার বদলে পলির সম্মতি ছাড়াই কৌশলে তাঁর গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

​এরপর থেকেই বিয়ের কথা তুললে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন সোহেল। বুঝতে বাকি থাকে না, নিখুঁত প্রতারণার ফাঁদে পা দিয়েছেন পলি। নির্মম এই ঘটনার বিষয়ে স্থানীয় মো. নাজমুল হকসহ এলাকার আরও কয়েকজন অবগত ছিলেন। শেষ পর্যন্ত লোকলজ্জা ভেঙে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে গোদাগাড়ী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী।

 

​মামলা দায়েরের পর আইনি চাপে পড়ে গত ১৬/১১/২০২৬ ইং তারিখ সোমবার আদালতে আত্মসমর্পণ করেন প্রধান আসামি সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি, শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

​এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে বিতর্ক এটিই প্রথম নয়। এলাকায় সোহেল এবং তাঁর ভাই টিপুর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। ফুফাতো বোনের সঙ্গে এমন প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *