
রমজান আলী , উত্তরবঙ্গ প্রতিদিন :: :: ঝকঝকে সোনালি রঙ দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যাবে, অথচ ওপরের পাতলা প্রলেপটা তুলতেই বেরিয়ে এল নিরেট লোহা! বড়সড় এক প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচিয়ে ভয়ংকর এক প্রতারক চক্রের মুখোশ খুলে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।
গত ২৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামায় পুলিশ। গাড়িটি থামাতেই তিন যাত্রীর একজন মুহূর্তের মধ্যে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। সন্দেহ ঘনীভূত হওয়ায় বাকি দুজনের দেহ ও কাঁধে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করতেই খবরের কাগজ ও কসটেপে মোড়ানো রহস্যময় এক প্যাকেট উদ্ধার হয়, আর ভেতরের কাগজের বাক্স খুলতেই চমকে ওঠেন পুলিশ সদস্যরা।
থরে থরে সাজানো ৪১টি চকচকে সোনালি বার! দেখতে হুবহু আসল স্বর্ণের বার মনে হলেও রাজশাহী পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করাতেই ধরা পড়ে আসল কারসাজি। ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম ওজনের এই বারগুলো আসলে লোহার ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া নকল স্বর্ণ।
এ ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, পলাতক সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরেই লোহার বারকে সোনার বার সাজিয়ে সহজ-সরল মানুষের সাথে বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছিলেন তাঁরা। আর এই উদ্দেশ্যেই মনির ঢাকা থেকে জাহিদকে রাজশাহীতে নিয়ে আসেন। অভিযানে নকল বারগুলোর পাশাপাশি দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।
প্রতারণার এই জাল বিস্তারের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দুজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া সেই তৃতীয় প্রতারককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান।